৩২ ঘণ্টা পর নলকূপের গর্ত থেকে উদ্ধার, হাসপাতালে গিয়ে মৃত্যু শিশুসাজিদের

0
61

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে ৩২ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার হওয়া দুই বছরের শিশু সাজিদকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১০টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। সে ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে মাটি আনতে গিয়ে একটি ট্রলি আটকে যায়। রাকিব ও তার স্ত্রী তাদের দুই বছরের ছেলেকে নিয়ে মাটিতে গেঁথে যাওয়া ট্রলিটি দেখতে যান। এ সময় শিশু সাজিদ মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটাহাঁটি করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত পরিত্যক্ত গভীর নলকূপের সেই গর্তে পড়ে যায় সে।

খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। শিশুটিকে বাঁচিয়ে রাখতে পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন সরবরাহের চেষ্টা চলতে থাকে। পাশাপাশি গর্তের পাশে এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হয়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও তিনটি এক্সকেভেটর যুক্ত হয়ে টানা দুই দিন মাটি খনন করে প্রায় ৪০ ফুট গভীর পর্যন্ত নামে। দীর্ঘ ৩২ ঘণ্টা পর রাত ৯টার দিকে মাটির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয় শিশুটি। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।