নওগাঁয় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত ৩

0
50

নওগাঁ সদর উপজেলায় ট্রাকের চাপায় মোতালেব (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কাঁঠালতলী–রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মোতালেব রাণীনগর উপজেলার খট্রশর গ্রামের মৃত বরকতের ছেলে।

আহতরা হলেন—আজগর হোসেন (৩১), পিতা আলম খন্দকার, গ্রাম মহেন্দ্রপুর, কুমারখালি, কুষ্টিয়া, মালেকা বেওয়া (৫০), স্বামী মৃত জামাল, পিরোজপুর পশ্চিমপাড়া, নওগাঁ সদর, জেরিন (২০), পিতা আব্দুল লতিফ, গ্রাম শিমুলিয়া মন্ডলপাড়া, নওগাঁ সদর।

স্থানীয় ও থানার সূত্রে জানা যায়, নওগাঁ শহর থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাণীনগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিরোজপুর এলাকায় পৌঁছালে নওগাঁমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় ট্রাকটি সড়কের নিচে উল্টে পড়ে এবং অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশাচালক মোতালেবের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক জানান, ট্রাক–অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।