হাদিকে গুলির ঘটনায় আরও ৩ জন আটক

0
70

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও তিন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, তার বন্ধু মারিয়া ও তার শ্যালক শিপু।

র‌্যাব কর্মকর্তা জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

র‌্যাব কর্মকর্তা জানান, ওসমান হাদিকে গুলি করার আগে ও পরে ফয়সাল এই ৩ জনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

তিনি আরও বলেন, ঘটনার আগের রাতে ফয়সাল তার স্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জে ছিলেন এবং ভোরে ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকায় এসে তিনি তার বন্ধু মনিকার বাসায় যান।