ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা,ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম সহ শামীম বিন ইসমাইল(২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার(১৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার পৌরসভার মমিন মার্কেট এলাকা সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৯ পিচ ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।