মোহাম্মদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম

0
56

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সোনা মিয়ার টেককি এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে প্রকাশ্যে সাগর (২১) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ মাদক কারবারিরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সাথী টি স্টলে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চাঁদ উদ্যান সোনা মিয়ার টেককি পাইওনিয়ার রোডের একটি চায়ের দোকানে ৬ থেকে ৭ জন লোক ঢুকে সাগরকে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, সোনা মিয়ার টেককিতে হেরোইনের স্পটকে কেন্দ্র করে সাগর (নাঈম গ্রুপের লোক) এবং সোর্স নয়নের ভাই শাওনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রকাশ্যে হেরোইন ব্যবসায়ী শাওন, শাওনের চাচা রিন্টু, সজীব, নয়ন, রাজীব ও মৃদুলসহ বেশ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়দের অভিযোগ, চাঁদ উদ্যানের সোনা মিয়ার টেককি মাদকের অন্যতম হটস্পট এবং সেখানে পুলিশের সোর্স নয়নের ভাই শাওন সকল ধরনের মাদক বিক্রি করে। শাওনের ভাই পুলিশের সোর্স হওয়ায় তাকে কখনো পুলিশ ধরে না। গত বছর চাঁদ উদ্যান এলাকায় পাতা আলামিন হত্যাকাণ্ডে শাওন অস্ত্র সরবরাহ করেছিল বলেও অভিযোগ আছে। কিশোর গ্যাং ও মাদকের স্পট নিয়ন্ত্রণকারী শাওন বাহিনী ধারালো সামুরাই নিয়ে প্রকাশ্যে মহড়া দিলেও তার ভাইয়ের কারণে সে বারবার আইনের হাত থেকে বেঁচে যায়।

আহত সাগরের বাবা মোনামিয়া জানান, দুপুরের দিকে তার সেলসম্যানের চাকরি করা ছেলেকে মাদক কারবারিরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তিনি হাসপাতালে এসে বিস্তারিত জানতে পারেননি, তবে তার ছেলের শরীরের মাথা, হাত ও পিঠে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় শাওন গ্রুপের মাদক কারবারি নয়নকে আটক করা হয়েছে। সোর্স নয়ন র‌্যাব, পুলিশ ও ডিবির সোর্সের কাজ করে এবং তার ভাইকে ধরার চেষ্টা করলে সে আগেই তাকে সরিয়ে দেয়। সোর্স নয়ন রায়ের বাজার, চাঁদ উদ্যান, সোনা মিয়ার টেককি ও জেনেভা ক্যাম্পের বিভিন্ন মাদক স্পট থেকে মোটা অঙ্কের মাসোহারাও নেয়। তবে ঐ সূত্র আরও জানায়, আহত সাগর মাদক কারবারি নাঈমের লোক এবং সাগরের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ মামুন জানান, চাঁদ উদ্যানের এই ঘটনায় ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় যাদের নাম এসেছে এবং সিসিটিভি ফুটেজে যাদের দেখা যায়, তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে বলেও তিনি নিশ্চিত করেন।