ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আসপাশের প্রায় পাঁচটি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এসময় শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধের ফলে সাইন্সল্যাব মোড় থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঐ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়েছিল। ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে।