ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তারা হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছে। একইসঙ্গে হাদির পরিবার, বন্ধু ও তার সমর্থকদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিতে আহত হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।