যে কারণে লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান

0
55

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান পরিবারসহ দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিতে লন্ডন ফিরে গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২০১) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. জুবাইদা রহমান লন্ডন পৌঁছে আগামী বৃহস্পতিবার স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে স্থায়ীভাবে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বিমানটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে থাকতে লন্ডন থেকে ঢাকা এসেছিলেন ডা. জুবাইদা রহমান। পেশায় চিকিৎসক হওয়ায় তিনি এভারকেয়ার হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কার্যক্রম তদারকি করেছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তবে গত বুধবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এক মাসের মধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সবচেয়ে স্থিতিশীল রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শাশুড়ির স্বাস্থ্যের এই উন্নতি দেখে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের ইতি টেনে স্থায়ীভাবে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে লন্ডন গেলেন তিনি।

প্রসঙ্গগত, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সাথে লন্ডন পাড়ি জমিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। দীর্ঘ দেড় দশক পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।