নির্বাচন ও গণভোটের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আনসার সদর দপ্তরে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

0
42

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাহিনীটির সদর দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মতবিনিময় করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে ইইউ-এর ডেপুটি হেড অব ডেলিগেশন এবং রাজনৈতিক ও তথ্য বিভাগের প্রধান বাইবা জারিনও উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মহাপরিচালক ইইউ প্রতিনিধি দলকে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে বাহিনীর প্রশিক্ষিত জনবল, বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠপর্যায়ের সমন্বিত কর্মপরিকল্পনা উপস্থাপনের পর ইইউ রাষ্ট্রদূত বাহিনীর প্রস্তুতির বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও সক্ষমতা উন্নয়নের পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন বহুমাত্রিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচি, আধুনিক প্রশিক্ষণ কাঠামো এবং প্রান্তিক সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’ বিশেষ গুরুত্ব পায়। বাহিনী প্রধান রাষ্ট্রদূতকে জানান, আনসার ও ভিডিপি সদস্যদের দক্ষ, আত্মনির্ভরশীল এবং আন্তর্জাতিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে প্রশিক্ষিত সদস্যদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

আলোচনায় বাংলাদেশ আনসার-ভিডিপি ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্ভাবনাকে আরও ফলপ্রসূভাবে কাজে লাগানো এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাহিনীর সামগ্রিক কার্যক্রম ও উন্নয়নমুখী বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সঙ্গে ইইউ-এর সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে।