নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ডিসি-এসপিদের আগামীকাল ব্রিফিং করবে ইসি

0
34

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ ব্রিফিং করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) ‘নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং’ অনুষ্ঠিত হবে। এতে দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এছাড়া অন্য নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।

ইসি সূত্র জানিয়েছে, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই এই ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য। সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সমন্বয় এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা ও মাঠ প্রশাসনকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বুঝিয়ে দেওয়া হবে।