হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া সহযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ স্বাক্ষরিত এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও ভিজিটর প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই সময়ে শুধুমাত্র বৈধ বিমান টিকিটধারী যাত্রীদের বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যেই তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিমানবন্দর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী সাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে বিষয়ে বিশেষ নজরদারি রাখছে।