জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন মোশাররফ করিম

0
66

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তা ফিরিয়ে দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। দীর্ঘদিন পর এবার সে সিদ্ধান্তের পেছনের ভাবনা ও নিজের জীবনের নানা অজানা গল্প তুলে ধরলেন এই গুণী অভিনেতা।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর নতুন পর্বে (২৭ ডিসেম্বর, শনিবার) বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মোশাররফ করিম। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ১০২ মিনিটের এই পর্বে তিনি অকপটে কথা বলেন তার অভিনয়জীবন, ব্যক্তিগত দর্শন ও পুরস্কার ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ নিয়ে। অনুষ্ঠানটি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে।

পডকাস্টে মোশাররফ করিম জানান, কে এম মোশাররফ হোসেন থেকে কীভাবে তিনি মোশাররফ করিম হয়ে উঠলেন—সে গল্পও তুলে ধরেন। জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে তিনি বলেন, স্কুলজীবনে প্রতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বৃহস্পতিবার সাংস্কৃতিক কার্যক্রম হতো, যেখানে তিনি আগ্রহ নিয়ে অংশ নিতেন। এমনকি অল্প সময়ের জন্য পেশাদারভাবে শিশুশিল্পী হিসেবে যাত্রাপালাতেও অভিনয় করেছিলেন।

হালকা মেজাজে নিজের রান্নার দক্ষতা নিয়েও কথা বলেন তিনি। বলেন, “আমি রান্নার মধ্যে শুধু ডিম ভাজতে পারি, ডিম পোচ আর ডিম সেদ্ধও পারি। ইউটিউব দেখে দুই দিন ডিম রান্নার চেষ্টা করেছিলাম, এখন আবার ভুলে গেছি।”

অভিনয় ও শিল্পীসত্তা নিয়ে কথা বলতে গিয়ে মোশাররফ করিম বলেন, “শিল্পীদের মন হতে হবে উদার। ঢাকায় এসে থিয়েটার করার সময় শিক্ষকদের কাছ থেকে প্রথম শুনেছিলাম—শিল্পী হতে চাইলে সৎ মানুষ হতে হবে। কথাটা সারাজীবন মনের ভেতরে গেঁথে আছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অসহিষ্ণু আচরণ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে যাচাই না করেই অনেক কিছু লিখে ফেলেন। পরে দেখা যায়, সেগুলোর অনেকটাই ভুল। তাহলে নিজের কাছে ছোট হয়ে লাভ কী?”

উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।