মেক্সিকোর পূর্বাঞ্চলে বড়দিনের প্রাক্কালে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
এনডিটিভি ও এএফপির খবরে বলা হয়েছে, দুর্ঘটনাটি জোন্তেকোমাতলান শহরে ঘটেছে। বাসটি মেক্সিকো সিটি থেকে ভেরাক্রুজের চিকোন্তেপেক গ্রামে যাচ্ছিল, পথে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নামের তালিকা এবং তারা যে যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই তথ্যও প্রকাশ করেছে।
মেক্সিকোতে অতিরিক্ত গতি এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে বাস বা ট্রাক দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে থাকে। উল্লেখ্য, গত নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যেও একই ধরনের এক বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন।