হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ জানান, বর্তমান পরিস্থিতিতে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে—এমন কথা বলার সুযোগ নেই। বরং তার অবস্থা গুরুতর এবং তিনি একটি অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছেন।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে বলে জানান ডা. জাহিদ। এ কারণেই প্রথমে কেবিন থেকে তাকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ চিকিৎসা প্রক্রিয়ায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।
এদিকে, শনিবার রাতে আবারও মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।