জানুয়ারির মাঝামাঝির আগেই প্রায় সব নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

0
36

আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ের আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। রোববার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে নতুন পাঠ্যবইয়ের সফট কপি অনলাইনে আপলোডকরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন বা পিডিএফ কপি প্রকাশ করা হয়। এ সময় শিক্ষা উপদেষ্টা জানান, আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং তার আগেই প্রায় শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীরা সব বিষয়ের নতুন বই একসঙ্গে পাবে না। এসব প্রতিবেদন নিয়ে সমালোচনা করে সি আর আবরার বলেন, কিছু রিপোর্ট যথার্থ হলেও কিছু প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। তবে নতুন বই নিয়ে যেকোনো অভিযোগের জবাব শিক্ষা প্রশাসন কাজের মাধ্যমেই দেবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বই প্রণয়ন ও ছাপার প্রক্রিয়ায় বিভিন্ন স্বার্থগোষ্ঠীর চাপ ও প্রতিবন্ধকতা ছিল, তবে সেগুলো নিয়ে বিতর্কে না গিয়ে মানসম্মত ও নির্ভুল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শেষ বিচারে শিক্ষার্থীরা কতটা ভালো বই পাচ্ছে, সেটিই হবে প্রকৃত মূল্যায়ন।

বই ছাপাতে কিছুটা সময় বেশি লাগার কারণ ব্যাখ্যা করে শিক্ষা উপদেষ্টা জানান, মান নিশ্চিত করতে গিয়ে নতুন করে রিটেন্ডার করতে হয়েছে। বিভিন্ন প্রেসে অভিযান চালিয়ে মানহীন বই ধ্বংস করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রক্রিয়ার কোথাও যেন ত্রুটি না থাকে, সে বিষয়েই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।