সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি নাগরিক কমিটি ও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হচ্ছেন না। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় তিনি নিজের দীর্ঘদিনের অবস্থান ও নীতিতে অটল থাকবেন।
মাহফুজ আলম বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠনে তার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছরে তিনি প্রয়োজন অনুযায়ী পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহায়তা দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন ও দায়-দরদের সমাজ গঠনের মতো বিষয়গুলো তিনি সব সময় তুলে ধরেছেন। এনসিপিকে একটি বড় জুলাই “অ্যাম্ব্রেলা” হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি।
সাবেক উপদেষ্টা আরও বলেন, তার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না এবং জামায়াত-এনসিপি জোট থেকে প্রার্থী হওয়ার প্রস্তাবও পাননি। ঢাকার কোনো আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখা তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
মাহফুজ আলম বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ এক ধরনের শীতল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি এবং আগামী দিনগুলোতে এ শক্তির উত্থান আসবে।