এক দিনের জন্যও র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি বিএনপি: লুৎফুজ্জামান বাবর

0
98

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের জানমালের নিরাপত্তায় আপসহীন ছিলেন এবং তাঁর নির্দেশনায় র‍্যাব গঠিত হয়েছিল। তবে তিনি দাবি করেন, বিএনপি এক ঘণ্টা বা এক দিনের জন্যও র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি।

আজ (বৃহস্পতিবার, ০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, “কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না যে আমরা র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।”

বাবর বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার মধ্যে তিনি যে গুণাবলী খুঁজে পেয়েছিলেন, তা আর কারও মধ্যে পাননি। তবে অনেক পরে এসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সেই গুণাবলী খুঁজে পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করা যায়।

নিজের আজকের কবর জিয়ারতকে ব্যক্তিগত আবেগ উল্লেখ করে তিনি বলেন, “সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, এটা আমার ব্যক্তিগত আবেগ। আমি ব্যক্তিগতভাবে এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি।”

বিএনপির এই নেতা আরও বলেন, তিনি নেত্রীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং ওনার দেশপ্রেম দেখেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে তিনি কোনো আপস করেননি।