ঢাকার দোহারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

0
49

ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় অষ্টমী দাশ (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার সময় উপজেলার কার্তিকপুর বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত অষ্টমী দাশ কার্তিকপুর এলাকার স্বর্গীয় দুলাল দাশের স্ত্রী এবং বাজারে ব্যবসায়ী শিবু দাশ ও বাবু দাশের মা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে অষ্টমী দাশ কার্তিকপুর বাজারে আসেন। বাজারের ভিতরের রাস্তা থেকে মূল সড়কে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক সেখানে গাড়ি রেখে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তার ছেলে বাবু দাশ এবং স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অষ্টমী দাশের ছেলে বাবু দাশ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “মা দুপুরে বাজারে গিয়েছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল এসে মায়ের ওপর দিয়ে উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মাকে নিয়ে হাসপাতালে যাই, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না।”

সন্ধ্যায় অষ্টমী দাশের লাশ বাড়িতে আনার পর স্বজনদের কান্নায় চাপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।