কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলিতে নতুন বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। গতকাল রাতে ঘটা এই হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
ইউক্রেনের খেরসন প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় এই হামলাটি হয়েছে। খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার গভর্নর ভ্লাদিমির স্যালদো আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে গভর্নর স্যালদো বলেন, নববর্ষ উদ্যাপন উপলক্ষে খোরলির একটি হোটেলের লনে বহু মানুষ জড়ো হয়েছিলেন। জানা গেছে, তারা সমবেত হওয়ার আগেই সন্ধ্যার দিকে একটি গোয়েন্দা ড্রোন এলাকাটি জরিপ করে গিয়েছিল। বুধবার ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে পৌঁছানোর কিছুক্ষণ আগে লনে সমবেত ভিড়ের ওপর তিনটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়ে। এই হামলায় পুরো লন ও হোটেলে আগুন ধরে যায়। স্যালদো উল্লেখ করেন, তিনটি ড্রোনের মধ্যে অন্তত একটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল।
গভর্নর স্যালদো এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, “২০১৪ সালে ওডেসায় ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা ২৪ জন সরকারবিরোধী আন্দোলনকারীকে একটি ভবনে আটক করে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই ২৪ জন জীবন্ত পুড়ে মরেছিলেন। একমাত্র সেই ঘটনার সঙ্গেই আজকের সহিংসতার তুলনা করা যায়। জেলেনস্কি যে শান্তি চাইছেন, তার প্রকৃত রূপ আসলে এটাই।”
এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক বিবৃতিতে জানিয়েছেন, নববর্ষ উদ্যাপনকে লক্ষ্য করে মস্কোর বিভিন্ন এলাকায় গতকাল রাতে ইউক্রেনীয় বাহিনী কমপক্ষে ৯টি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে।
এই হামলা প্রসঙ্গে ইউক্রেনীয় বাহিনী এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।