সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

0
51

দুর্নীতির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের ২৮টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব (BO Account) অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এই ব্যাংক হিসাব ও বিও হিসাব অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকুরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা এবং নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদক আশঙ্কা প্রকাশ করে বলে, বিপ্লব কুমার সরকার ও হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। এসব সম্পদ স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধার করা কঠিন হবে। এজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অবিলম্বে এই হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন অবরুদ্ধ করা আবশ্যক।

প্রসঙ্গত, এর আগে গত ৯ ডিসেম্বর একই আদালত বিপ্লব কুমার সরকার, তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।