শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সম্প্রতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর থেকে জিয়া উদ্যানে অবস্থিত এই সমাধিস্থল সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রবেশের জন্য উন্মুক্ত করা হয়।
সংস্কারকাজ চলমান থাকার কারণে দীর্ঘদিন ধরে উদ্যানের ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। সমাধিস্থল উন্মুক্ত হওয়ার খবর পেয়ে সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় অনেকে বিজয় সরণি মোড়ে উদ্যানের প্রবেশ মুখে ব্যারিকেডের সামনে অপেক্ষায় ছিলেন এবং অনেকেই সমাধিস্থলে যেতে না পেরে সড়কে দাঁড়িয়েই দোয়া করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেওয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ তাঁর পুরোনো জটিলতাগুলো বেড়ে গিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও নিয়োজিত আছেন।