নববর্ষে শুভেচ্ছা বিনিময় পুতিন ও শি জিনপিংয়ের

0
59

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) দুই নেতা এই শুভেচ্ছা বার্তা আদান–প্রদান করেন।

নববর্ষের শুভেচ্ছা বার্তায় শি জিনপিং চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন এবং রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি বলেন, ২০২৫ সাল জাতিসংঘের ৮০তম বার্ষিকী এবং একই সঙ্গে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। এসব স্মরণ বিশ্বে শান্তি, ন্যায়বিচার ও জনগণের শক্তিশালী উপস্থিতির বার্তা বহন করে বলে মন্তব্য করেন তিনি।

শি জিনপিং আরও বলেন, চীন ও রাশিয়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক কাঠামোর ভেতরে একে অপরকে সমর্থন করে আসছে এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি উল্লেখ করেন, ২০২৬ সাল চীন–রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০তম বার্ষিকী এবং সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। এ উপলক্ষে ২০২৬–২০২৭ সালকে চীন–রাশিয়া শিক্ষাবর্ষ হিসেবে ঘোষণা করা হবে।

নতুন যুগে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহও প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট।

অন্যদিকে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শি জিনপিংকে আন্তরিক নববর্ষের শুভেচ্ছা জানান এবং চীনা জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ২০২৫ সালে রাশিয়া–চীন সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব নতুন যুগে প্রবেশ করে ইতিবাচক গতি বজায় রেখেছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ওই বছরে দুই নেতা দুবার সাক্ষাৎ করেন এবং যৌথভাবে জার্মান নাৎসিবাদ ও জাপানি সামরিকবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেন।

পুতিন আরও জানান, দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করছে এবং একাধিক বড় যৌথ প্রকল্প এগিয়ে চলেছে। পারস্পরিক ভিসা অব্যাহতির ফলে জনগণের বিনিময়ও সহজ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আগামী বছরে যৌথভাবে রাশিয়া–চীন শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনার কথাও জানান পুতিন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তথ্যসূত্র: সিজিটিএন