হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুইটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের শিবপুর রোডের হাসান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার আশুলিয়া থানার সন্দ্বীপ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ (১৬) এবং একই এলাকার জাফর মিয়ার ছেলে মিরাজ (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের দিকে যাওয়া একটি প্রাইভেটকার হাসান নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুইটি মোটরসাইকেল ও প্রাইভেটকারটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।