ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

0
57

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ ও অশালীন গালিগালাজের ঘটনায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক ছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জনসম্মুখে অনভিপ্রেত আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে। ট্রাফিক সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক জয়নাল আবেদীন নাজিরের রিকশা আটকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজিউর রহমান নাজির রিকশা থেকে নেমে ট্রাফিক পুলিশের ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওটি দেখে অনেকেই অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানান। ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দ্রুতই ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।

শুক্রবার বিকেলে নাজিউর রহমান নাজির শাজাহানপুর উপজেলায় এক সংবাদ সম্মেলনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি দাবি করেন, মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময় যানজটে পড়লে ট্রাফিক পুলিশকে অনুরোধ করেছিলেন রিকশাটি ছেড়ে দেওয়ার জন্য। এ সময় তার মেয়ের সামনে তাকে উদ্দেশ করে ট্রাফিক পুলিশের সদস্য অশালীন ভাষা ব্যবহার করেন বলে তিনি অভিযোগ করেন। এতে তিনি উত্তেজিত হয়ে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন, যা ঠিক হয়নি বলে স্বীকার করেন।

তবে ট্রাফিক পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি এবং ঘটনাস্থলে উপস্থিত লোকজনই পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন ও পরিস্থিতি সামাল দিয়েছেন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান জানান, ভিডিওটি নজরে আসার পর অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ সুপার বর্তমানে ছুটিতে থাকায় তিনি ফিরে এলে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।