কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকার গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
পুলিশ জানায়, রামু উপজেলার ঈদগড়ের আবু আম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ি এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা ও ঈদগড় পুলিশ যৌথ অভিযান চালায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন ব্যক্তি পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—দুটি রাইফেলের গুলি, চারটি শটগানের খালি খোসা, দুটি বন্দুকের বাট, তিনটি বন্দুকের ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ছয়টি পাইপ, তিনটি বন্দুক তৈরির জোগান, একটি হাওয়ার মেশিন, দুটি বাটালি, পাঁচটি আড়ি ব্লেড ও একটি আড়ি ব্লেডের ফ্রেম, একটি করাত, একটি হাতুড়ি, একটি প্লাস, ছোট-বড় সাতটি রেত, একটি শান দেওয়ার মেশিন এবং একটি বানান নালিসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জাম।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।