কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

0
33

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে গত ৭২ ঘণ্টায় গবাদিপশু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গত ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা এবং কসমেটিকসসহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের তৎপরতা রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।