যশোরের মণিরামপুর উপজেলায় রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফকল মালিককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত রানা প্রতাপ বৈরাগী কপালিয়া বাজারের একটি বরফকলের মালিক ছিলেন এবং তিনি জেলার কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রানা প্রতাপ এদিন সন্ধ্যায় কপালিয়া বাজারে তার বরফকলের সামনে অবস্থান করছিলেন। এমন সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরপরই কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলেও তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগে গত শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকেও গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা।