জকসু নির্বাচনে ভোট দিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব

0
71

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়ার শুরুতে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী এ কে এম রাকিব নিজের ভোট দিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটগ্রহণ শেষে ভিপি প্রার্থী এ কে এম রাকিব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আজ জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখছি। আমরা চাই একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাঠে থাকব।”

এসময় তিনি আরও বলেন, “যেই নির্বাচিত হোক, আমি তার সঙ্গে একসঙ্গে কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখব।”

প্রেক্ষাপট: উল্লেখ্য, দফায় দফায় তারিখ পরিবর্তনের পর মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, ছাত্রী হলে ১৩টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজ সেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।