ইথিওপিয়ায় ট্রাক দুর্ঘটনায় ২২ অভিবাসী নিহত, আহত ৬৫

0
71

ইথিওপিয়ার উত্তর আফার অঞ্চলে একটি পণ্যবাহী ট্রাক উল্টে কমপক্ষে ২২ অভিবাসী নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, জিবুতির পশ্চিমে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত সেমেরা এলাকায়। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

আফার অঞ্চলের যোগাযোগ দফতর জানিয়েছে, ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। আরও বলা হয়, অবৈধ দালালদের প্ররোচনায় মানুষ ঝুঁকিপূর্ণ যাত্রাপথে নামেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আহতদের ডাউবটি রেফারাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আঞ্চলিক সরকার।

ইথিওপিয়া আফ্রিকার গুরুত্বপূর্ণ অভিবাসন কেন্দ্রগুলোর মধ্যে একটি। এখানে থেকে বহু মানুষ চাকরি ও উন্নত জীবনের খোঁজে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার জন্য ‘ইস্টার্ন রুট’ ব্যবহার করেন। এই পথে সাধারণত জিবুতি হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে প্রবেশ করা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ২০২৫ সালের জানুয়ারি–সেপ্টেম্বরের মধ্যে এ রুটে ৮৯০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এটি আগের বছরের তুলনায় বেড়েছে। ঝুঁকি সত্ত্বেও এই পথের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আইওএম এটিকে বিশ্বের সবচেয়ে ‘ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ’ হিসেবে বর্ণনা করেছে।

ইথিওপিয়া আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ। দেশটির জনসংখ্যা প্রায় ১৩ কোটি। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও, বিশ্বব্যাংকের তথ্যে দেশটির ৪০ শতাংশের বেশি মানুষ এখনও দরিদ্রসীমার নিচে বসবাস করেন।

তথ্যসূত্র : বিবিসি, আল-জাজিরা