মাগুরার মহাম্মদপুরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

0
41

মাগুরার মহাম্মদপুর উপজেলায় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে ফরিদপুরের বোয়ালমারীর জনতা জুট মিলে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এক সৌদি প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হন। রাত আনুমানিক ১১টার দিকে তিনি মহাম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের মেসবার ইটভাটার মোড়ে যানবাহন থেকে নামলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

অভিযুক্তরা হলেন গোপালপুর গ্রামের মোস্তফার ছেলে সানি (২০), জাহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন (২২), কাউসার আলীর ছেলে মো. রুবেল (২৫) ও মোক্তার হোসেনের ছেলে মো. সুমন (২৫)। অভিযোগে বলা হয়েছে, তারা ভুক্তভোগী নারীকে একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনার পর তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরদিন মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী নারী মহাম্মদপুর থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে সানি (২০) ও মো. স্বাধীনকে (২২) গ্রেপ্তার করে।

মহাম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর দুই অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকায় দেখা যায়, গ্রেপ্তার হওয়া দুই যুবক—মিজান মাহমুদ সানি ও নাফিস আহমেদ স্বাধীন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাম্মদপুর উপজেলা কমিটির সদস্য হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম জানান, যে কমিটিতে তাদের নাম ছিল সেটি ঘোষণার দুই দিনের মধ্যেই বাতিল করা হয় এবং বর্তমানে ওই কমিটির কোনো বৈধতা নেই।