ভোটের দিন আইনশৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগ নেই: উপদেষ্টা আদিলুর রহমান খান

0
44

ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তার ভাষায়, আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে “মানুষের ভোট” এবং তিনি আশা করেন, সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে। জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ ভোট’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “এই সনদ ছাত্র ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। তাই এর প্রতি সবার দায়িত্ব আছে।”

সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, “নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। মাঠে কোনো বৈষম্য থাকার কথা নয়।”

এর আগে তিনি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সিলেট বিভাগের কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।