ঘুষ গ্রহণের অভিযোগে নবীনগর থানার এসআইসহ দুই পুলিশ সদস্য বরখাস্ত

0
24

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। শনিবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজাভর্তি একটি পিকআপ আটক করেন ওই দুই পুলিশ সদস্য। অভিযোগ রয়েছে, পরে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তারা গাঁজার চালানটি ছেড়ে দেন। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ সুপার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়ায় শুক্রবার রাতেই ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।