ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আন্দোলনরত জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার কথাও বলেছেন।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”
ট্রাম্প আরও জানান, ইরানে বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে তেহরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই পোস্টে তিনি লেখেন, “ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যাকাণ্ড যতদিন না বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। (বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মেইক ইরান গ্রেট এগেইন)।”
ট্রুথ সোশ্যালে এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ‘সহযোগিতা আসছে’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন,
“আমি দুঃখিত, এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনাদেরই তা খুঁজে বের করতে হবে।”
ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে।