রাজবাড়ীর পাংশা উপজেলায় অজ্ঞাতনামা ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ডের আগে পাংশা ফিলিং স্টেশনের পাশে পশ্চিম কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৯) এবং একই এলাকার সাইদুল ইসলামের ছেলে সজীব (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজ সরদার বাসস্ট্যান্ডের পাশে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে পাংশা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব নিহত হন। গুরুতর আহত অবস্থায় মিরাজকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান মুরাদ বলেন, অজ্ঞাত একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।