একযুগ পলাতক থাকা স্ত্রী হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া গ্রেপ্তার

0
59

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ একযুগ আত্মগোপনে থাকা পলাতক আসামি মো. মানিক মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (১৬ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা ছহির উদ্দিনের ছেলে মানিক মিয়া ২০০৮ সালে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের তিন দিনের মাথায় তিনি নববধূ মালিহা খাতুনকে (২০) হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়ের হলে দীর্ঘ শুনানি শেষে আদালত ২০১৪ সালে মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল ও তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার মানিক মিয়াকে আদালতে সোপর্দ করার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।