চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ কেজির বেশি হেরোইনসহ মাদক কারবারি আটক

0
39

চাঁপাইনবাবগঞ্জে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ৩.১ কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এ সময় এবরান আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ। আটক এবরান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকার সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে র‍্যাবের একটি দল মাঠে নামে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়নে এবরান আলীর নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ রয়েছে। তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩.১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।