প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ

0
35

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— সে বিষয়েও আজ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি শুরু হবে।

এর আগে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন রয়েছে।

অন্যদিকে ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন রয়েছে। এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজকের শুনানির মাধ্যমে আপিল প্রক্রিয়া শেষ হবে এবং এর ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।