জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: তিন সদস্য জিম্মি

0
55

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোতালেব র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলের এই রক্তক্ষয়ী সংঘর্ষে র‍্যাবের আরও কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি তিন সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে খবর পাওয়া গেছে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে র‍্যাব-৭-এর একটি দল জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এতে গুরুতর আহত মোতালেবকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্তি ফোর্স মোতায়েন করা হয়েছে।

জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘ চার দশক ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই সরকারি পাহাড় ও খাস জমিতে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ বসতি। প্রশাসনের হিসাব মতে, এই বিশাল এলাকার জমির বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই বিপুল পরিমাণ ভূ-সম্পত্তি ও আধিপত্য দখলকে কেন্দ্র করে এলাকাটিতে নিয়মিত বিরতিতে খুন ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি এতটাই দুর্গম যে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশের আগেই পাহারাদারদের মাধ্যমে সন্ত্রাসীরা সতর্ক হয়ে যায় এবং পাহাড়ের ওপর থেকে গুলিবর্ষণ বা ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিগত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত আরও তীব্রতর হয়েছে। এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা হামলার শিকার হয়েছেন।

উল্লেখ্য যে, এই সরকারি জমিতে কারাগার ও আইটি পার্কসহ সরকারের ১১টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সন্ত্রাসীদের কবজায় থাকায় সেগুলো থমকে আছে। সর্বশেষ এই হত্যাকাণ্ড ও জিম্মি করার ঘটনা এলাকাটিতে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করল।