জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

0
39

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এ ফরমাল চার্জ দাখিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে ওই সময় সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তে দেখা গেছে, এসব ঘটনায় জড়িতরা আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী কর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা রুজু করা হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানকেও আসামি করা হয়েছে।

প্রসিকিউশন জানায়, আসামিদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে এই মুহূর্তে সব আসামির নাম প্রকাশ করা হয়নি।