সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি: ফরিদপুরে ভুয়া সাংবাদিক আটক

0
64

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কিষাণহাটে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক হয়েছেন আরিফ শেখ (৩৯) নামে এক ব্যক্তি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। পরে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হলে বিশেষ আইনে প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সেনা ক্যাম্প। এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আরিফ শেখ গোয়ালচামট এলাকার বাসিন্দা এবং নিজেকে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন বলে জানায় সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, কিষাণহাট এলাকায় একজন ব্যক্তি সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন—এমন তথ্যের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকেই আরিফকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির কথা স্বীকার করেন।

আটক ব্যক্তিকে কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে বিশেষ ধারায় মামলা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে ফরিদপুরে আরেক অভিযানে জহির মোল্যা (৪১) নামে আরও একজন ভুয়া সাংবাদিককে আগ্নেয়াস্ত্রসহ আটক করে সেনাবাহিনী। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়। আটক দুই ব্যক্তি ফরিদপুরের একটি ভুঁইফোড় সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।