গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের গোয়ালেরটেক এলাকায় একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি (অ্যামুনিশন), চারটি দেশীয় তৈরি ককটেল, তিনটি পেট্রোল বোমা এবং একটি ছোরা উদ্ধার করেন।
যৌথ বাহিনীর সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কোনো অপরাধী চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক আগেই ওই এলাকায় মজুত করে রেখেছিল। উদ্ধারকৃত সব আলামত আইনগত প্রক্রিয়ার জন্য কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অপরাধীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।