গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

0
19

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুইটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি এসে প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, “শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।”

এদিকে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।