ইসি ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে: নাহিদ ইসলাম

0
37

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, মঙ্গলবার ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহাবস্থান আগের মতো নেই। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকবে না। এ সময় তিনি সারাদেশে প্রার্থীদের শারীরিক হেনস্তা এবং নারীদের ওপর হামলার অভিযোগও তোলেন।

এলাকার পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এবার পরিবর্তন সম্ভব। তিনি জানান, এলাকায় পার্ক ও খেলার মাঠ দখল হয়ে গেছে, মাদকের প্রকাশ্য কারবার রয়েছে এবং মানুষ গ্যাস-বিদ্যুৎ, ভূমিদখলসহ নানা সমস্যার কথা বলছে। এসব বিষয়কে ভিত্তি করেই ইশতেহার তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

চাঁদাবাজিকে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশের মতো এই আসনেও চাঁদাবাজি প্রকট এবং এটি নিরসনে কাজ করবেন। পাশাপাশি স্কুল, হাসপাতাল, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক ইশতেহারও করা হচ্ছে।

এনসিপির আহ্বায়ক জানান, তাদের প্রথম লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন। তিনি বলেন, দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে “ফিরিয়ে আনতে হবে”। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটাররা দলকে ভোট না দিলেও অন্তত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। ১৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার সন্তান হিসেবে তিনি এই প্রত্যাশা করেন।