গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে অবস্থিত বিচারকের বাসভবনে এ ঘটনা ঘটে। কারা ককটেল নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা হাতে তৈরি একটি ককটেল বিচারকের বাসভবনের দিকে ছুড়ে মারে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী একযোগে কাজ করছে এবং আশপাশের বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।