মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

0
1
মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

ইরানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের সাত সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া সর্বশেষ হামলায় আড়াই শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরানশাহরের বাম্বুর গ্যারিসনে হামলার কঠোর জবাব দেওয়া হবে। বাহিনীটি এ হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উপযুক্ত সময়ে এ হামলার কঠোর জবাব দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বাম্বুরের একটি ব্যারাকে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ৩৮৮তম ব্রিগেডের সাত সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন, সর্বশেষ মার্কিন হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ২২২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আহতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম। এছাড়া এ হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা পঞ্চম দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনী ইরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া দেশটি ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে।

এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরকবাহী ড্রোনগুলো দ্বিতীয়বারের মতো জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমান রাখা এলাকা এবং বড় সরঞ্জাম হ্যাঙ্গারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

এদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, আজ সকালে বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে। এতে এসব স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশজুড়ে ড্রোন প্রতিহত করার সময় বিকট শব্দ শোনা যাচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে গার্ড জানিয়েছে, ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিতে আগুন ধরে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here