ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিস্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে বিএনপি ওই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বেশিরভাগ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নেন। এতে জোট সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে এবং দলীয় অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরাইল উপজেলা বিএনপি।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা অনুযায়ী দায়িত্ব পালন করছিলেন না। দলীয় শৃঙ্খলা নিশ্চিত ও সবাইকে সতর্ক করতেই পুরো কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।