শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ: শফিকুর রহমান

0
64

শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জনগণ দেখতে চায় এবং তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের সঙ্গে চেয়ার দখলকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই ঘটনার সূত্র ধরে জামায়াত সমর্থকদের ওপর বিএনপির “সন্ত্রাসীরা” দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জামায়াত আমিরের দাবি, ওই হামলায় জামায়াতে ইসলামীর ৫০ জনের বেশি সমর্থক আহত হন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে রেজাউল করিম মারা যান। তিনি রেজাউল করিমের জন্য দোয়া করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার এবং কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না বলেও তিনি মন্তব্য করেন।