আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

0
43

প্রায় ২০ বছর পর ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন। এই জনসভা থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

একই দিন বিকেল ৪টায় তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিএনপি সূত্র জানায়, টাঙ্গাইলে এটি তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা। তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি এই দুই স্থানে জনসভায় অংশ নেবেন।

কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু জনসভাস্থল পরিদর্শন করেছেন, একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

টাঙ্গাইলের জনসভা নিয়ে দলীয় সূত্র জানায়, সমাবেশকে বড় পরিসরে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন। তিনি একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন, স্থান নির্ধারণ এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভাও করেন তিনি।

এর আগে ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়েছিল বলে দলীয় সূত্র জানিয়েছে। দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের এক জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।