দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইসি সানাউল্লাহ

0
48
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ

দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো অনিয়ম বা পক্ষপাতের অভিযোগ এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো অভিযোগ সহ্য করা হবে না।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভিজিল্যান্স টিমের কার্যক্রম এবং প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।