‘নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ জাহান্নাম বানাব’: হাসনাত

0
49

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) বাতিল করা তার মনোনয়ন বহাল থাকল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণখেলাপি হওয়ার দায়ে মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া “ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে “ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।” এ সময় আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, আপিল বিভাগের আদেশে “জনগণের বিজয় হয়েছে” এবং “ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট আদায় করে সংসদে যেতে পারবে না।”

মামলার পটভূমিতে জানা যায়, ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য ইসিতে আবেদন করেছিলেন ওই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি ইসি ঋণখেলাপির অভিযোগে মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরে প্রার্থিতা ফিরে পেতে এবং ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেছিলেন, যা রোববার খারিজ হলো।